ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে যানজটের সম্ভাব্য ৯৪টি গুরুত্বপূর্ণ স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। ঈদের আগে ও পরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে এসব এলাকায় বিশেষ নজরদারি ও মনিটরিং ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঈদ প্রস্তুতি সংক্রান্ত এক সভার কার্যপত্রে এ তথ্য উঠে এসেছে। চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্পটগুলোর মধ্যে রয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে ৭টি, ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে ২৫টি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭টি, ঢাকা-সিলেট মহাসড়কে ২১টি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫টি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮টি এবং ঢাকা-বরিশাল মহাসড়কে ১টি।

সোমবার (১১ মে) ঈদের প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ, অস্থায়ী কাউন্টার ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তিনি বলেন, ঈদের সময় বৃষ্টিপাত হলে যানজট আরও বেড়ে যেতে পারে, যা সার্বিক ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। একই সঙ্গে কোরবানির পশু পরিবহনের বাড়তি চাপও পরিস্থিতিকে জটিল করতে পারে।

মন্ত্রী আরও জানান, গত ঈদে গার্মেন্টস শ্রমিকদের একযোগে ছুটিতে বাড়ি ফেরার কারণে বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছিল। এবার বিজিএমইএর সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে একসঙ্গে অতিরিক্ত চাপ না পড়ে। মহাসড়কের ওপর বা পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ করতে ফেরি ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে। যাত্রীদের বাস থেকে নামিয়ে ফেরিতে ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ফেরিতে ওঠার আগে ব্যারিকেড বসানো হবে। পন্টুনেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। দৌলতদিয়া–পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে, যা ভবিষ্যতে যান চলাচলে চাপ কমাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ২০ থেকে ৩১ মে পর্যন্ত বিআরটিএ সদর কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিয়ন্ত্রণে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আরও ৫০ জন নিয়োগ দেওয়া হচ্ছে। ঈদের সময় গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন, বিআরটিসির বিশেষ ঈদ সার্ভিস চালু এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে চালকদের ডোপ টেস্টও করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।