দেশে ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ সেবা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এতে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন এবং এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। ব্যাংকগুলো বাজারভিত্তিক সুদহার নির্ধারণ করবে, তবে পুনঃঅর্থায়ন সুবিধা থাকলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার ৯ শতাংশ নির্ধারিত থাকবে।
নতুন এ ব্যবস্থায় ঋণ বিতরণ, কিস্তি পরিশোধসহ সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। ঋণগ্রহীতার আবেদন যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদনও যাচাই করতে হবে।
তবে খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। এছাড়া সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল কিংবা আগাম পরিশোধ ফি—সব ধরনের তথ্য গ্রাহককে আগেই স্বচ্ছভাবে জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।
সাইবার নিরাপত্তার বিষয়েও কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ), মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এবং ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহারের মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ই-লোন কার্যক্রম চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করেই এই সেবা চালু করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল আর্থিক সেবায় নতুন গতি আসবে এবং সাধারণ গ্রাহকরা আরও সহজে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
আপনার মতামত লিখুন :