ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি বর্তমানে “লাইফ সাপোর্টে” রয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে পুনরায় সামরিক পাহারা বা এসকর্ট দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার (১১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। ট্রাম্প বলেন, চলমান উত্তেজনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তার মতে, ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিপরীতে গত সপ্তাহে ইরানের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।

যুদ্ধবিরতির পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প রসিকতার সুরে বলেন, “যখন আমি বলি যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে, তখন ডাক্তার এসে বলেন—স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ।” এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেল ও বাণিজ্যিক জাহাজে আবারও সামরিক এসকর্ট চালুর বিষয়টি তিনি বিবেচনা করছেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ৬ মে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ফ্রিডম’ নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলেও আঞ্চলিক মিত্রদের চাপের মুখে দুই দিনেরও কম সময়ের মধ্যে তা স্থগিত করা হয়। ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে উত্তেজনা কমানোর প্রস্তাব দিলেও তেহরানের পাল্টা শর্ত গ্রহণযোগ্য হয়নি বলে জানান ট্রাম্প। তিনি ইরানের প্রস্তাবকে “গার্বেজ” বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরান যদি মনে করে চাপের মুখে যুক্তরাষ্ট্র পিছু হটবে, তবে তারা ভুল করছে। তার দাবি, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে “পূর্ণ বিজয়” অর্জন করবে। ইরানের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প দেশটির নেতৃত্বকে সমালোচনা করেন। তিনি বলেন, ইরানে “নরমপন্থী ও কঠোরপন্থী” দুই ধরনের গোষ্ঠী রয়েছে। সংঘাতের পথে গেলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে লড়াই খুব দীর্ঘ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।