
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে “শ্রীউলা ইউনিয়নবাসী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, শ্রীউলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলামের মাছের ঘের বারবার দখলের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের একটি প্রভাবশালী চক্র খাস জমিতে বসবাসরত দুইটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা করছে বলেও দাবি করেন বক্তারা।
বক্তাদের ভাষ্য অনুযায়ী, তাঁতীদল নেতা রিপন মল্লিক, ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক, হাফিজ মল্লিকসহ বিএনপি নেতা ছট্টুর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভয়ভীতি, হুমকি ও বিভিন্ন কৌশলে জমি ও মাছের ঘের দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের ভূমিদস্যুতা ও চাঁদাবাজির কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে আবু বকর সিদ্দিক, আব্দুল করিম সরদার, মরিয়ম বিবিসহ স্থানীয় অনেকে বক্তব্য দেন। এসময় কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, রিপন, কাজল, আবু সাঈদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :