আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও উচ্চ পর্যায়ে অবস্থান করছে। ভালো মানের এক ভরি সোনা বর্তমানে প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হচ্ছে, আর নিম্নমান বা সনাতন পদ্ধতির সোনার দামও দেড় লাখ টাকার ওপরে পৌঁছেছে। একই সঙ্গে রুপার দামও বেড়ে প্রতি ভরিতে সাড়ে পাঁচ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দামেই সোনা ও রুপা বিক্রি হবে বলে জানিয়েছে সংস্থাটি। বাজুস নির্ধারিত দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকায়। ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ২ লাখ ২১৩ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। ফলে সব ক্যাটাগরিতেই সোনার দাম উচ্চ পর্যায়ে অবস্থান করছে, যা বাজারে ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। রুপার বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলারের মূল্য পরিবর্তন এবং স্থানীয় চাহিদার কারণে সোনা-রুপার দামে এই পরিবর্তন দেখা যাচ্ছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বজায় থাকায় দাম উঁচু পর্যায়ে রয়েছে। সোনা ও রুপার এই নতুন দর সাধারণ ক্রেতা ও গহনা ব্যবসায়ীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিয়ে ও উৎসব মৌসুমকে সামনে রেখে দাম আরও বাড়ার আশঙ্কাও করছেন অনেকে।