আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আয়োজিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালায় যোগ দিতে মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ এবং টেকসই শিক্ষা কাঠামো গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শপথগ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনকে স্মরণীয় করে রাখতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশেষ কর্মসূচি পালন করেছেন। তার যাত্রাপথের গুরুত্বপূর্ণ অংশ বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। নেতাকর্মীরা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

উচ্চশিক্ষা খাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।