আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পর তিনি বর্তমানে অনেকটাই শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১১ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা মির্জা আব্বাস এখন আগের চেয়ে ভালো আছেন। চিকিৎসার অগ্রগতির ফলে তিনি বর্তমানে সীমিত পরিসরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা চান ঈদের আগেই তিনি দেশে ফিরে আসুন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের পরামর্শ এবং তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে।

শায়রুল কবির খান দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, মহান আল্লাহর রহমতে তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। চিকিৎসা সম্পন্ন হলে শিগগিরই তিনি স্বাভাবিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান এবং সেখান থেকে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থার উন্নতির খবরে রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে বলে দলীয় নেতাকর্মীরা জানান।