‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এ সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর অস্ত্রসহ আটক


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এ সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর অস্ত্রসহ আটক

সুন্দরবনে চলমান বিশেষ অভিযান “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর অংশ হিসেবে কুখ্যাত বনদস্যু বাহিনীর প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬)-কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

গত সোমবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় কোস্টগার্ড বেইস মোংলার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক এবং ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মে) বেলা ১২টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে “মেজ জাহাঙ্গীর বাহিনী”-র প্রধানকে সফলভাবে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, আটক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি, জেলেদের জিম্মি করা এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা বলে জানা গেছে।