দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের (Advance Income Tax) আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব অন্তর্ভুক্ত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
সোমবার (১২ মে) অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বাজেট-সংশ্লিষ্ট বৈঠকে এ প্রস্তাবে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, জিপ, বাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে অগ্রিম আয়কর প্রযোজ্য থাকলেও মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা এতদিন এর বাইরে ছিল।
নতুন উদ্যোগের মাধ্যমে এই দুই খাতকে করের আওতায় এনে রাজস্ব আহরণ বাড়ানো এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্য নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী মোটরসাইকেলের ক্ষেত্রে সিসিভিত্তিক কর নির্ধারণ করা হয়েছে। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত থাকবে। ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব রয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রায় ৪৯ লাখ মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। এর বড় অংশই উচ্চ সিসির হওয়ায় নতুন কর ব্যবস্থা কার্যকর হলে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় সম্ভব হবে বলে সরকার আশা করছে। প্রাথমিক হিসেবে প্রতিটি মোটরসাইকেল থেকে গড়ে ৪ হাজার টাকা কর আদায় হলে বছরে দেড় হাজার কোটি টাকার বেশি রাজস্ব আসতে পারে।
ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও প্রথমবারের মতো অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় বছরে ৫ হাজার টাকা, পৌরসভা এলাকায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে।
এছাড়া সরকার ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। এতে নিবন্ধন, ফিটনেস সার্টিফিকেট এবং ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার পাশাপাশি কর আরোপের বিধানও যুক্ত থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, এসব যানবাহনের নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও নতুন নীতিমালার আওতায় আরও কঠোর করা হতে পারে।
তবে মোটরসাইকেল ও পরিবহন খাত সংশ্লিষ্টরা নতুন কর আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই খাতে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি হয়েছে। নতুন করের কারণে রাইড শেয়ারিং, ডেলিভারি সেবা এবং সাধারণ ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে। এনবিআর জানিয়েছে, অগ্রিম আয়কর পরিশোধ করা হলেও যানবাহনের মালিকরা পরবর্তীতে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই কর সমন্বয়ের সুযোগ পাবেন। আগামী বাজেট ঘোষণার সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :