
চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি বাসের চালকের কাছ থেকে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) উপজেলার কেরানীহাট বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান। আদালত সূত্রে জানা যায়, কেরানীহাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত সড়কে অভিযান চালিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি করে। এ সময় নিষিদ্ধ হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৫ জন চালককে আটক করা হয় এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান জানান, জরিমানার পাশাপাশি বাসগুলোতে ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে পরিবহন মালিক ও চালকদের শব্দদূষণ রোধে সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, “নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে এ ধরনের সরঞ্জাম ব্যবহার করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে শব্দদূষণবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
অভিযানে পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সহযোগিতা করেন। আকস্মিক এই অভিযানে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তির পরিবেশ দেখা গেছে।
আপনার মতামত লিখুন :