
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নেওয়া সিদ্ধান্ত বহাল থাকল।
সোমবার (১১ মে) বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ৭ এপ্রিল এনএসসি বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন আগের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করার পরই নতুন এই কমিটি দায়িত্ব নেয়।
এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ৩০ এপ্রিল সাতজন আইনজীবী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে ৭ এপ্রিলের ওই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয় এবং এটিকে বেআইনি ঘোষণা করার আবেদন জানানো হয়। তবে শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দেন।
উল্লেখ্য, ১১ সদস্যের এই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
হাইকোর্টের এই রায়ের ফলে বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা থাকল না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :