বিদেশি দাতারা এখন বড় প্রকল্পে সহযোগিতা করতে চাইছে না: সড়ক পরিবহন মন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
বিদেশি দাতারা এখন বড় প্রকল্পে সহযোগিতা করতে চাইছে না: সড়ক পরিবহন মন্ত্রী

বিদেশি দাতা সংস্থাগুলো এখন বড় প্রকল্পে সহযোগিতা করতে অনীহা প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তার মতে, দীর্ঘদিনের দুর্নীতি ও অ-আনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, গত ১৮ বছরে দুর্নীতি ও অনিয়মের কারণে বিদেশি দাতা সংস্থাগুলো বড় প্রকল্পে বিনিয়োগ ও সহযোগিতা করতে আগ্রহ হারাচ্ছে। তিনি দাবি করেন, ওই সময় “মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে” এবং বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যার প্রভাব এখন রাষ্ট্রীয় অর্থনীতিতে পড়ছে।

তিনি আরও বলেন, বিগত সময়ে ১৬টি মেগা প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যয় হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ঠিকাদারদের অনিয়ম ও প্রকল্প ফেলে পালিয়ে যাওয়ার কারণে কিছু প্রকল্প এখনো শুরুই করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফ। এতে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক একেএম নাসিরউদ্দিন সরদার, জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা আরও সহজ হবে বলেও অনুষ্ঠানে ইঙ্গিত দেন সেতুমন্ত্রী।