
পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারীরা পরিবার ও সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থেকে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কন্যাশিশুর নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, আজকের এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য পুনাকের সদস্যদের অভিনন্দন জানান তিনি। তাদের নিরলস প্রচেষ্টায় সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, পুনাকের সদস্যরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে সমাজে ইতিবাচক অবদান রাখার পথ দেখাচ্ছেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নকে সামনে রেখে নেওয়া বিভিন্ন সমাজসেবামূলক পরিকল্পনা একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করছে।
তিনি আরও বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সমাজ গঠনে ভূমিকা রাখলে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে সক্ষম। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়নে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।
কন্যাশিশুদের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মেয়ে নিজের ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন দেখে, রাষ্ট্রব্যবস্থার দায়িত্ব হবে সেই পথে সহায়তা করা, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা। কন্যাশিশুর নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন সহায়তা ও মার্কেটিং সাপোর্ট নিশ্চিত করা জরুরি। এতে পারিবারিক সচ্ছলতা বাড়বে, সন্তানদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য বিমোচনের পথ আরও সহজ হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ আয়োজনের জন্য পুনাকের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
আপনার মতামত লিখুন :