
বাংলাদেশ সফরের জন্য বড় চমক রেখে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তান সফরের পাশাপাশি আসন্ন বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। তবে এই সফরে দলে রাখা হয়নি দলের তিন প্রধান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডকে।
Cricket Australia ঘোষিত দলে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। চলতি মে–জুনে পাকিস্তানে শুধু ওয়ানডে সিরিজ এবং বাংলাদেশে দুই ফরম্যাটে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে তিনটি সিরিজের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
দল থেকে বাদ পড়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিসও। অন্যদিকে আইপিএল শেষে ট্রাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস সরাসরি ভারতে থেকে দলের সঙ্গে যোগ দেবেন।
এছাড়া পাকিস্তান সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলিভার পিক, যা তরুণদের ওপর আস্থার ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার বাকি ম্যাচগুলো হবে ১৯ ও ২১ জুন।
বাংলাদেশের কন্ডিশনে অভিজ্ঞ পেস ত্রয়ী না থাকায় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন পেসাররা কতটা মানিয়ে নিতে পারেন, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে মিচেল মার্শ, অ্যাডাম জাম্পা, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিসসহ বেশ কয়েকজন নিয়মিত মুখ থাকলেও পেস আক্রমণে তুলনামূলক তরুণ ও অনভিজ্ঞদের ওপরই ভরসা রাখতে হচ্ছে দলটিকে।
আপনার মতামত লিখুন :