ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, নদীবন্দরগুলোতে সতর্কতা জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, নদীবন্দরগুলোতে সতর্কতা জারি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হতে পারে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।