
আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীকে পর্যায়ক্রমে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে একটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (১০ মে) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাব-এ ব্যারিস্টার ও করপোরেট আইনজীবীদের আয়োজিত ‘ট্রান্সফরমেশন অব লিগ্যাল প্র্যাকটিস থ্রু ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড এআই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিদেশ থেকে ইংরেজি মাধ্যমে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে দেশে ফেরা শিক্ষার্থীদের জন্য বার কাউন্সিলের বর্তমান এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি বেশ জটিল। কারণ পরীক্ষার প্রশ্ন বাংলা ভাষায় প্রণয়ন করা হয়। তাই সময়ের চাহিদা অনুযায়ী এ পদ্ধতির সংস্কার প্রয়োজন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, মেধাবী নতুন আইনজীবীদের সুপ্রিম কোর্টে পেশাগত দক্ষতা প্রয়োগের সুযোগ বাড়াতে হবে। নতুন ব্যারিস্টারদের অনেকেই অত্যন্ত মেধাবী হলেও বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার জটিলতার কারণে তারা আইন পেশায় না থেকে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে চাকরিতে চলে যাচ্ছেন।
বিচার বিভাগের বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, আদালতে কোর্ট ফি ও স্ট্যাম্প বিক্রি থেকে বছরে ১৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হলেও পুরো বিচার বিভাগের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ রয়েছে মাত্র ২ হাজার ২০০ কোটি টাকা। বিচার বিভাগের কার্যকারিতা ও আধুনিকায়নের জন্য এ বরাদ্দ বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জয়নুল আবেদীন, এম মাহবুব উদ্দিন খোকন এবং ফারজানা শারমীনসহ বিশিষ্ট আইনজীবী ও অতিথিরা।
আপনার মতামত লিখুন :