২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে অপহরণপূর্বক গুম এবং ‘ক্রসফায়ারের নামে’ হত্যার অভিযোগে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি।

সোমবার (১১ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দাখিল করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

দাখিল করা অভিযোগে ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। এতে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীর ঘটনার উল্লেখ রয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের পরিকল্পিত গুম ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে বলে দাবি করা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ৯ জানুয়ারিতেও একই বিষয়ে অভিযোগ দাখিল করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পার হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পুনরায় ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হয়েছে।

দলটির দাবি, ন্যায়বিচার নিশ্চিত করা এবং গুম ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জন্য ট্রাইব্যুনালের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।