দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। তবে প্রতিবেদনের আরেক অংশে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যায় কিছু তথ্যগত অসামঞ্জস্য দেখা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১১৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৪১ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ৬ হাজার ৯৩৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ৩১ হাজার ৯৯২ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :