হাতীবান্ধার গৃহবধূ গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি রকিবুল রংপুরে র‍্যাবের হাতে গ্রেফতার


স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
হাতীবান্ধার গৃহবধূ গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি রকিবুল রংপুরে র‍্যাবের হাতে গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ গণধর্ষণ মামলার পলাতক অন্যতম আসামি মো. রকিবুল ইসলাম (৩২)কে গ্রেফতার করেছে RAB-13। রোববার রাতে রংপুর মহানগরীর তাজহাট থানার দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

র‍্যাব জানায়, ভিকটিম গৃহবধূ গত ১৯ এপ্রিল জরুরি প্রয়োজনে পূর্বপরিচিত বেলাল হোসেনের কাছে ৫ হাজার টাকা ধার চান। টাকা দেওয়ার কথা বলে বেলাল তাকে সন্ধ্যায় ডেকে নেয়। পরে হাতীবান্ধার পারুলিয়া গ্রামের একটি ভুট্টাক্ষেতের কাছে নিয়ে গিয়ে বেলালসহ তার সহযোগীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে।

অভিযোগ অনুযায়ী, সেখানে বেলাল, রকিবুল এবং ছাইয়াকুল নামের তিন ব্যক্তি পালাক্রমে ওই গৃহবধূকে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে আহত অবস্থায় ভিকটিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং ২২ এপ্রিল হাতীবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-২৭)।

ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে RAB-13 গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুরের দর্শনা মোড় এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি রকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

RAB-13 এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।