বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইরান। এখন থেকে প্রণালিটি অতিক্রম করতে হলে যেকোনো নৌযানকে তেহরানের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে বলে জানিয়েছে নৌচলাচলবিষয়ক জার্নাল Lloyd’s List।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথকে ঘিরে আন্তর্জাতিক অচলাবস্থার মধ্যেই ইরান এ সিদ্ধান্ত নিল। ভারতীয় সংবাদমাধ্যম NDTV লয়েড’স লিস্টের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের “পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ)” ইতোমধ্যে নতুন নিয়ম চালু করেছে। এর আওতায় হরমুজ প্রণালি ব্যবহার করতে ইচ্ছুক নৌযানগুলোকে আগে কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে এবং বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, জাহাজগুলোকে মালিকানা, বীমা, ক্রু সদস্য, বহনকৃত পণ্য, যাত্রার বন্দর ও গন্তব্যসহ ৪০টির বেশি তথ্যসম্বলিত ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ ফর্ম পূরণ করতে হবে। এরপর অনুমোদন মিললে তবেই প্রণালি ব্যবহার করা যাবে। তবে টোলের পরিমাণ বা আদায়ের পদ্ধতি সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি।
ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম Press TV জানিয়েছে, এটি মূলত হরমুজ প্রণালির ওপর ইরানের “সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার অংশ”। পিজিএসএ’র পক্ষ থেকে [email protected] ইমেইল ঠিকানা ব্যবহার করে বিভিন্ন নৌযানকে নতুন নিয়ম পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে ইরানি সেনা কর্মকর্তা মোহাম্মদ আকরামানিয়া বলেন, হরমুজ প্রণালিতে নতুন আইনি ও নিরাপত্তা কাঠামো কার্যকর করা হয়েছে। এখন থেকে কোনো নৌযানকে অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয় করে চলতে হবে। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের জন্য প্রণালিটি ব্যবহার “আরও কঠিন” হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবের পক্ষে অবস্থান নিলে কিছু দেশের জন্য এর গুরুতর পরিণতি হতে পারে। তিনি হরমুজ প্রণালিকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফলাইন” উল্লেখ করে সতর্কবার্তাও দেন।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় ইরানের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :