
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর এখন পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। সোমবার (১১ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৭ হাজার ১২৩ জন। প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে ধারাবাহিকভাবে হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এ পর্যন্ত হজযাত্রী পরিবহনে সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি মোট ২৪ হাজার ২৯৩ জন যাত্রী পরিবহন করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্সে গেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে গেছেন ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের অধীনে পরিচালিত চিকিৎসাকেন্দ্রগুলোও সক্রিয় রয়েছে। এসব চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক বিভিন্ন ধরনের ১৪ হাজার ৮৬৯টি সেবা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় মারা গেছেন দুইজন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট পরিচালিত হবে আগামী ২১ মে। অন্যদিকে হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। আর শেষ ফিরতি ফ্লাইট পরিচালনা করা হবে আগামী ৩০ জুন। হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও সার্বিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :