সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত


বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক মৌয়াল। সঙ্গীদের সাহসী প্রতিরোধে প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় প্রায় ২৪ ঘণ্টা পর তাকে লোকালয়ে ফিরিয়ে আনা হয়।

গত রোববার সকাল ৮টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। আহত মৌয়াল বাবলু গাজী (৪৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এবং মালেক গাজীর ছেলে।

জানা যায়, গত বুধবার ইউসুফ গাজীর নেতৃত্বে বাবলু গাজী, তার বাবা মালেক গাজীসহ ১১ জন মৌয়াল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে যান। রোববার সকালে তারা পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহের সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে।

এসময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা লাঠিসোটা নিয়ে চিৎকার করতে করতে বাঘটির ওপর পাল্টা হামলা চালান। প্রায় ১৫ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বাঘটি বাবলুকে ছেড়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে বুড়িগোয়ালিনীতে আনা হলে পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতের বাবা মালেক গাজী বলেন, “হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে ধরে ফেলে। তখন আমরা কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ছাড়িয়ে আনি। তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর ক্ষত হয়েছে।”

ফিরে আসা মৌয়াল আরাফাত গাজী জানান, সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হয়। বাঘ, কুমির ও বনদস্যুদের আতঙ্কের পাশাপাশি মহাজনদের চাপও তাদের ভোগাতে থাকে। সংগ্রহ করা মধুও অনেক সময় নির্ধারিত কম দামে বিক্রি করতে বাধ্য হন তারা।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, বাঘের হামলার খবর তারা শুনেছেন। আহত মৌয়ালের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও দেখা হচ্ছে।