সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু আজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে দেশব্যাপী বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

রোববার (১০ মে) টিসিবির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে প্রতিদিন ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি এবং চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক মোতায়েন থাকবে। এছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল পরিচালিত হবে।

টিসিবি জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন ক্রেতাকে পণ্য দেওয়া হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করছে সংস্থাটি। মোট ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটির তথ্যমতে, যেকোনো সাধারণ ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। তবে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। পণ্যের নির্ধারিত দামও সাধারণ বাজারের তুলনায় কম রাখা হয়েছে। টিসিবির নির্ধারিত দামে ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

এদিকে টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চলমান রয়েছে। ঈদ উপলক্ষে মে মাসে ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের স্বস্তি বাড়াতেই সরকারের এ উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।