সাতক্ষীরায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় ক্যাম্পেইন


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় ক্যাম্পেইন

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “জাতীয় ক্যাম্পেইন-২০২৬”।

সোমবার (১১ মে) সকালে শহরের মুনজিতপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনীর আয়োজন করা হয়।

“বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ (হোপ) প্রকল্প”-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাহরিমা খাতুন, হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হোসেনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।