সততা-মেধা-দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
সততা-মেধা-দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি: প্রধানমন্ত্রী

পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই মূল ভিত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই তিনটি গুণই হবে ভবিষ্যতে প্রশাসনিক কাঠামোর প্রধান মানদণ্ড।

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ী নয়। তিনি জানান, পুলিশের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ এবং যেকোনো কর্মকর্তার যেকোনো দায়িত্বে কাজ করার পেশাদার মানসিকতা থাকা জরুরি।

তিনি আরও বলেন, “নিজের পছন্দ অনুযায়ী পোস্টিং বা পদোন্নতির প্রত্যাশা করলে তা পেশাদারিত্বের সঙ্গে আপস হয়।” তাই দায়িত্বপ্রাপ্ত জায়গায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমেই দক্ষ, গতিশীল ও পেশাদার পুলিশ প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সফলতা একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের পথে দেশকে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর জনগণের আস্থা ও নির্ভরতা বাড়লে মব ভায়োলেন্সসহ বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমানে সরকার জনগণের কাছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। পুলিশ বাহিনীকে তিনি “জনবান্ধব এবং জনগণের আস্থার প্রতীক” হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

দুর্নীতি ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না। যে কেউ অপরাধে জড়িত হলে তাকে অপরাধী হিসেবেই দেখা হবে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম একটি বড় চ্যালেঞ্জ। তাই পুলিশকে বহুমুখী দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতার নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার বিষয়েও সরকার সচেষ্ট রয়েছে। সভায় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন। শেষে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে এবং এ বিষয়ে কোনো ধরনের সংশয় নেই।