সখীপুরে প্রবাসীর বাসায় চেতনানাশক প্রয়োগে দুঃসাহসিক চুরি


টাঙ্গাইল ভ্রাম্যমাণ প্রতিনিধি, আল-আমীন  প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
সখীপুরে প্রবাসীর বাসায় চেতনানাশক প্রয়োগে দুঃসাহসিক চুরি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জিতাশ্বরী (উত্তরপাড়া) এলাকায় প্রবাসী পরিবারের বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী মো. মজনু মিয়ার ঘরে গত ১০ মে রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের চেতনানাশক প্রয়োগ করে অচেতন অবস্থায় রেখে জমি কেনার জন্য সঞ্চিত প্রায় ৭ লাখ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, শাড়ি-কাপড়, প্রসাধনীসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় চোরচক্র।

ঘটনার পর মজনু মিয়ার স্ত্রী শেফালী আক্তার (৩৬) অসুস্থ হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন।

শেফালী আক্তার জানান, সকালে তিনি ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে থাকা পানি পান করার পর থেকেই অসুস্থতা অনুভব করেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও রাতে পরিবারের অন্য সদস্যরাও একইভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের ধারণা, এই সুযোগেই সংঘবদ্ধ চোরচক্র চুরির ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানান, পুরোপুরি সুস্থ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. মোজ্জামেল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এলাকায় চুরি ও মাদকবিরোধী অভিযান জোরদারে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

প্রতিবেশী ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মালেক বলেন, প্রবাসী মজনু মিয়া দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ জমি কেনার জন্য সঞ্চয় করেছিলেন। কিন্তু চোরচক্র সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে। তিনি সখীপুরে মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানান। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।