রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত: প্রধানমন্ত্রী

বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত বড় প্রকল্পগুলোতে অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতু প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ না হলে সবক্ষেত্রেই আরও ভালো কিছু করা সম্ভব হতো।

সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে, তার বড় একটি অংশ নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর।” তাই বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও মানবিকতা একসঙ্গে ধারণ করার আহ্বান জানান তিনি।

পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস না করারও নির্দেশনা দেন তিনি।

তারেক রহমান বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। সততা, মেধা ও দক্ষতাকে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। সভায় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে দেশ সমৃদ্ধ, স্বনির্ভর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার পথে আরও একধাপ এগিয়ে যাবে।