
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী পলাশ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) মীর আসাদুজ্জামান।
তিনি জানান, সোমবার ভোরে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় দলবল নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন পলাশ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে শীর্ষ ছিনতাইকারী পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু, খেলনা রিভলভার এবং ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের এ কর্মকর্তা আরও জানান, পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রমের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :