বিদেশগামীদের জন্য সুখবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
বিদেশগামীদের জন্য সুখবর

বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ভিসা বন্ড’ বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার ফলে এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকের মাধ্যমেই এই অর্থ বিদেশে পাঠানো যাবে, যা আগে আবেদনকারীদের জন্য জটিল ও সময়সাপেক্ষ ছিল।

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বিদেশি ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দিতে বাধ্য হন, তবে সংশ্লিষ্ট ব্যাংক আবেদনকারীর পক্ষে ওই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি কমানো এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করা।

নতুন নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো এখন আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই প্রিলোড করা থাকবে। এছাড়া যাদের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তারা ভ্রমণ কোটার আওতায় সেই কার্ডে পুনরায় অর্থ লোড করতে পারবেন। তবে এই অর্থ শুধুমাত্র ভিসা বন্ড বা সংশ্লিষ্ট সিকিউরিটি ডিপোজিট পরিশোধের কাজেই ব্যবহার করা যাবে।

এ ছাড়া এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব বা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এই সুবিধা পাওয়া যাবে।

অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টদের মতে, নতুন এই নীতির ফলে বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় আর্থিক গ্যারান্টি বা সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন হয়, সেখানে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

ভিসা বন্ড মূলত একটি আর্থিক গ্যারান্টি, যা ভিসা আবেদনকারীর নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা হিসেবে অনেক দেশ দাবি করে থাকে। সাধারণত শর্ত পূরণ হলে এই অর্থ পরবর্তীতে আবেদনকারীকে ফেরত দেওয়া হয়।