বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পরিচ্ছন্নতা অভিযান


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পরিচ্ছন্নতা অভিযান

“নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বাগেরহাট পৌর এলাকায় এ কর্মসূচি শুরু হয়। ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বাগেরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) তন্ময় সাহা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এম এ বাদল, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা মো. শামীম রেজা, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার মো. হান্নান, যুব রেড ক্রিসেন্ট প্রধান রাকিবুল ইসলাম, ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার রাব্বি আহম্মেদ, ফোরকান উদ্দিনসহ বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসনিক কর্মকর্তা মল্লিক নেয়ামুল কবির বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সক্রিয় হতে উদ্বুদ্ধ করছে।

ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিয়মিতভাবে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে বলে আয়োজকরা জানান।