
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। বাংলাদেশের মানুষও ভয় পায় না, সরকারও ভয় পায় না। যেখানে কথা বলার প্রয়োজন, সেখানে আমরা কথা বলব।” তিনি আরও ইঙ্গিত দেন, সীমান্ত সংক্রান্ত যেকোনো বিষয়ে বাংলাদেশ কূটনৈতিকভাবেই অবস্থান জানাবে।
ভারত–বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার কিলোমিটারের বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে একটি বড় অংশ। সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও স্থানীয় জনসংখ্যা পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে আলোচনা ও মতবিরোধ রয়েছে। ভারতের পক্ষ থেকে সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি থাকলেও বাংলাদেশ সাধারণত কূটনৈতিক সমাধান ও পারস্পরিক আলোচনার ওপর গুরুত্ব দিয়ে থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্ত দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও কূটনৈতিক আলোচনায় নতুন করে গুরুত্ব তৈরি করতে পারে।
আপনার মতামত লিখুন :