বাঁশখালীতে ইয়াবা সেবনের সময় কসাই আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি, প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
বাঁশখালীতে ইয়াবা সেবনের সময় কসাই আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবা সেবনের অভিযোগে এক কসাইকে আটক করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) ভোরে বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. সোহেল (৩৬)। তিনি উত্তর জলদী পৌরসভার ভাদালিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় কসাই।

জানা গেছে, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে, বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময় সোহেলকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছেন যে, তার আয়ের বড় একটি অংশ ইয়াবা কেনা ও সেবনের পেছনে ব্যয় হতো। মাদকের নেশায় তিনি ধীরে ধীরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই অপরাধে এর আগেও তিনি কারাভোগ করেছেন বলেও জানান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।