প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে।

সোমবার (১১ মে) মন্ত্রণালয়ে তার সভাকক্ষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও টেলিযোগাযোগ কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় চীনের দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো উন্নয়নে চীনা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সব সময় বহুপাক্ষিক সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল সংযোগ সম্প্রসারণে বিশ্বাসী।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের জনগণের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গত তিন থেকে চার দশক ধরে চীনের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তাদের সহায়তায় দেশের প্রায় ৯৮ শতাংশ জনগোষ্ঠী মোবাইল নেটওয়ার্ক সুবিধার আওতায় এসেছে।

তিনি জানান, এ বিনিয়োগের মাধ্যমে দেশে ১০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন উৎপাদন শিল্পেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যেখানে প্রতিবছর ৮ মিলিয়নের বেশি ডিভাইস বাজারজাত হচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, জাতীয় আইসিটি নেটওয়ার্ক উন্নয়ন, ডাটা সেন্টার নির্মাণ এবং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্প বাস্তবায়নে চীনা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈঠকে উভয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উন্নয়ন, ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তর বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে।

এছাড়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)-এর বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে ২০২৭ সালে সাংহাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড রেডিওকমিউনিকেশন কনফারেন্স এবং বিভিন্ন আন্তর্জাতিক পদে চীনের প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করা হয়। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, দূতাবাসের কর্মকর্তারা এবং হুয়াওয়ে ও জেডটিইর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।