প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবো না: ধর্মমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবো না: ধর্মমন্ত্রী

প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়ে হলেও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দেশে কোনোভাবেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন বা হয়রানি বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট করে বলেন, “প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, তবুও এদেশের সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন হতে দেবো না।”

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অজুহাত দেখিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অত্যাচার সহ্য করা হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে ধর্মমন্ত্রী বলেন, চলতি বছর হজের খরচ কিছুটা কমানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আগামী হজ মৌসুমে খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি দাবি করেন, সরকার জনকল্যাণমূলক অনেক উদ্যোগ গ্রহণ করলেও কিছু মহল তা সহ্য করতে পারছে না।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, একটি মহল গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে চায় এবং সরকারকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র চালাচ্ছে। যারা অতীতে ক্ষমতার স্বাদ পায়নি, তারাই এসব ষড়যন্ত্রে জড়িত বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন থাকা জরুরি। তার মতে, ভালো মানুষদের সুরক্ষা ও অপপ্রচার রোধে এই ধরনের আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।