প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন—বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নেতারা।
সোমবার (১১ মে) দুপুরে তারা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ করেন বলে জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, সাক্ষাৎকালে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা খাতটির টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সহায়তার বিষয়েও মতবিনিময় করেন।
এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্প আগামী দিনে আরও সম্প্রসারিত হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
সাক্ষাৎকে সংশ্লিষ্টরা শিল্প ও সরকারের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :