পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীতে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে বা চেইন অব কমান্ড ভাঙলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। থানায় আসা কোনো সেবা প্রার্থী যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। “পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই ধারণা কেবল স্লোগান নয়, বাস্তবে রূপ দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বাহিনীর প্রতিটি সদস্যকে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

আধুনিক পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। ভবিষ্যতে সব পর্যায়ের কার্যক্রম রেকর্ড ও মনিটরিংয়ের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রেখে কৌশলগতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকার “রিঅ্যাক্টিভ পুলিশিং”-এর পরিবর্তে “প্রোঅ্যাক্টিভ পুলিশিং”-এ গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগে থেকেই অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। সাইবার অপরাধ নিয়েও সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অপরাধের বড় অংশ ডিজিটাল মাধ্যমে সংঘটিত হচ্ছে। তাই গুজব, অপপ্রচার ও সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি।

দুর্নীতি দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাহিনীর প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ বরদাশত করা হবে না। তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে মাদক, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।