পাটকেলঘাটায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন


সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি, সানজিদুল হক  প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
পাটকেলঘাটায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় পূবালী ব্যাংক পিএলসির তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় পূবালী ব্যাংক পাটকেলঘাটা শাখার উদ্যোগে বাজার এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ক্যাশলেস ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক মো. তিতুমীর রহমান, অ্যাডভান্স ইনচার্জ মো. সেলিম রেজা, পাটকেলঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ সরদারসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় শাখা ব্যবস্থাপক মো. তিতুমীর রহমান ক্যাশলেস লেনদেনের নানা সুবিধা তুলে ধরে বলেন, বাংলা কিউআর, পস মেশিন, এনপিএসবি, ইন্টারনেট ব্যাংকিং, পাই অ্যাপস, আরটিজিএস, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে সহজ, নিরাপদ ও দ্রুত লেনদেন সম্ভব।

তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন ব্যবস্থার ফলে অতিরিক্ত নগদ অর্থ বহনের ঝুঁকি কমে যায়, নিরাপত্তা বৃদ্ধি পায় এবং জাল বা ছেঁড়া টাকার ঝামেলা থেকেও মুক্ত থাকা যায়।

তিন দিনব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।