
পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন এবং এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আছে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় এবং শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে।”
তিনি আরও বলেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করার কথাও জানান তিনি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
এহছানুল হক মিলন বলেন, পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয়ের মান আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত ভালো। সেখানে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে। বিশেষ করে আল্লামা ইকবাল স্কলারশিপ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ আরও বাড়বে। তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :