নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানের সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। জানা গেছে, টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭২৬ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোরে বিমানটি ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছালে অবতরণের সময় হঠাৎ বিমানের চাকায় আগুন ধরে যায়।

বিমানটিতে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও পাইলট পরিস্থিতি সামাল দিয়ে নিরাপদে রানওয়েতে অবতরণ করতে সক্ষম হন।

পরে বিমানবন্দরে দায়িত্বরত দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর পর্যায়ক্রমে সব যাত্রী ও বিমানকর্মীকে নিরাপদে বের করে আনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, কী কারণে বিমানের চাকায় আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অতীতেও নানা দুর্ঘটনার কারণে আলোচনায় এসেছে। ২০১০ সালের পর থেকে নেপালে একাধিক বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। গত বছরও কাঠমান্ডু বিমানবন্দরে একটি দুর্ঘটনার ঘটনা ঘটে।

বিশেষজ্ঞদের মতে, ত্রিভুবন বিমানবন্দর একটি ‘টেবল টপ’ বিমানবন্দর হওয়ায় এখানে বিমান ওঠানামা তুলনামূলক ঝুঁকিপূর্ণ। চারপাশে খাড়া ঢাল ও ভৌগোলিক জটিলতার কারণে এ ধরনের বিমানবন্দরে পাইলটদের বাড়তি সতর্কতা ও দক্ষতার প্রয়োজন হয়।