নন্দীগ্রামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
নন্দীগ্রামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় নন্দীগ্রাম এলএসডি চত্বরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

এছাড়াও উপজেলা খাদ্য বিভাগ ও এলএসডির কর্মকর্তারা, মিল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং কৃষক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবার নন্দীগ্রাম উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১,৮৪২ মেট্রিক টন বোরো ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৩,০৭১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।