
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে প্রস্তুতি সভা শেষে তিনি এ তথ্য জানান।
দৌলতদিয়া–পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে ওই রুটটিই অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনায় আছে। তিনি বলেন, “দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা আমরা এগিয়ে নিচ্ছি। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং প্রাক-প্রস্তুতির কাজও চলছে।”
সেতুমন্ত্রী আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং সড়ক দুর্ঘটনাও অনেকাংশে কমে যাবে। তিনি বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আরিচা ঘাটে সাম্প্রতিক দুর্ঘটনার তদন্তে বাসের ব্রেকে ত্রুটি পাওয়া গেছে বলে জানান তিনি।
নৌপথে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এবার ফেরিতে গাড়ি ওঠার আগে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে। ফেরি পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত নতুন গাড়ি প্রবেশ করতে পারবে না। এছাড়া সদরঘাট এলাকায় স্পিডবোট ও লঞ্চ চলাচলে নতুন শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে স্পিডবোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না, তাদের নির্ধারিত পন্টুন ব্যবহার করতে হবে। এ জন্য নতুন সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী জানান, এবারের ঈদে দেড় কোটির বেশি মানুষের যাত্রা এবং প্রায় এক কোটি কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তবে সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ভোগান্তি ও দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :