
বিগত সরকারের আমলে দীর্ঘ ১৮ বছরের চাকরি জীবনে পদবঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, দীর্ঘ চাকরি জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি বলেন, জীবনের নানা বঞ্চনা ও কষ্টের মধ্যেও আজকের মুহূর্তটি তার কাছে সবচেয়ে স্মরণীয় প্রাপ্তি।
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে চাকরি জীবনের শুরুতেই ১৯৯৮ সালে মাত্র ১৭ মাসের মাথায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে দীর্ঘ সময় মানসিক কষ্ট ও সামাজিক অবহেলার মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও দাবি করেন তিনি। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে চাকরি ফিরে পান বলে জানান।
ডিআইজি তার শৈশবের স্মৃতিচারণে বলেন, সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষের মালা পরিয়ে বরণ করার সুযোগ পান। ১৯৮১ সালের একটি অনুষ্ঠানে জিয়াউর রহমানের সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিও তিনি আবেগের সঙ্গে তুলে ধরেন। বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়া-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, জীবনের কঠিন সময়ে তার দেওয়া সাহস ও আশ্বাস তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনৈতিক অগ্রযাত্রা নতুন গতি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে আবেগাপ্লুত হয়ে ডিআইজি রেজাউল করিম মল্লিক তার ভুল-ত্রুটি ক্ষমা করার অনুরোধ জানান এবং দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :