প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর জেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, শনিবার (১৬ মে) সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে বরুড়া উপজেলা-এর লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেবেন তিনি।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে শাহরাস্তি উপজেলা-এর টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলা-এর শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
বিকেল ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউস-এ বিরতি নেবেন। পরে বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সন্ধ্যা ৫টায় চাঁদপুর ক্লাব-এ অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীতে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, দুটি খাল পুনঃখনন কর্মসূচির পাশাপাশি চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সঙ্গে চাঁদপুর থেকে দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপনার মতামত লিখুন :