বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-র মধ্যে বিদ্যমান উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১১ মে) সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন নিয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা ও সহযোগিতার দিকগুলো গুরুত্ব পায়।
আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কোইকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জুনসু কিম। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অধিদপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন খাতে কোইকার সহযোগিতায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা দেশের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :