
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রশাসনিক হয়রানি, বিভিন্ন গণমাধ্যমে “দালাল” হিসেবে আখ্যায়িত করা এবং দেশের ঔষধশিল্প ধ্বংসের অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ফারিয়ার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১১ মে ২০২৫) সকালে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, ফারিয়ার নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মান ক্ষুণ্ন ও কর্মপরিবেশকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো. জামাল উদ্দিন বলেন, “ঔষধ প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের অপমান ও হয়রানি করা মানে পুরো ঔষধশিল্পকে দুর্বল করে দেওয়া। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিনিধিদের ‘দালাল’ বলে আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক। আমরা পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাই।”
সহ-সভাপতি মো. ওয়াসেক আলী বলেন, দেশের অর্থনীতিতে ঔষধশিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়া সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, “আমরা হয়রানি নয়, সহযোগিতা চাই। ঔষধ প্রতিনিধিদের মর্যাদা রক্ষায় কেন্দ্রীয় ফারিয়ার সব কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।”
এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন এবং পেশাগত সম্মান রক্ষা ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
আপনার মতামত লিখুন :