এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। বেসরকারি শিল্পখাতের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, দেশে বেকারত্ব এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী সরকার স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।

এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, তিনি দীর্ঘদিন ধরে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনায় বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে এবং চীন কারিগরি সহায়তা দিতে চায়। সরকারের পক্ষ থেকে বিষয়টি এগিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

চাকরি মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে জেলার প্রায় এক হাজার তরুণ-তরুণীকে নিয়োগের কথা জানানো হয়। এ পর্যন্ত প্রায় ২ হাজার ৭০০ চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে নূরুল আলম খান এবং নাফিস ইনদালির অর্নবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।