রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে স্থাপিত এআই-সক্ষম ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে এসব ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় ৩০০টিরও বেশি ডিজিটাল মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।
সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট সড়কে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “ব্যবস্থাটি পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হতে পারে।”
ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীকে আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ শহরে পরিণত করার লক্ষ্যেই এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো বা নির্ধারিত লেন ভঙ্গ করলেই স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা রেকর্ড হবে। সংশ্লিষ্ট চালক নিজেই ভিডিও ফুটেজে তার অপরাধ দেখতে পারবেন।
তিনি জানান, এই ব্যবস্থার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সিগন্যাল লাইট ও এআই ক্যামেরা চালু করা হয়েছে। ধাপে ধাপে এটি প্রায় ৩০টি পয়েন্টে সম্প্রসারণ করা হবে।
এর আগে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ব্যবহার করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে। এসব নোটিশ ডাকযোগে মালিক-চালকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং তারা নির্ধারিত প্রক্রিয়ায় জরিমানা পরিশোধ করছেন।
নোটিশ পাওয়ার পরও সাড়া না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। একই সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা ভুয়া অর্থ আদায়ের চেষ্টা থেকে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডিএমপি বলছে, এআই প্রযুক্তিনির্ভর এই নতুন ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থায় স্বচ্ছতা আনবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :