ফেনী ও পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। তারা হলেন—ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।
সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত এবং ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খানকে ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। একইভাবে পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকেও দায়িত্ব হস্তান্তর করে ওই সময়ের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। তবে ফেনীর এসপি হিসেবে পদায়নের পর থেকেই মোহাম্মদ মাহবুব আলম খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে তার নিয়োগ চ্যালেঞ্জ করে ৭ মে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।
রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। জনস্বার্থে এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক এই পরিবর্তন এবং আইনি প্রক্রিয়া চলমান থাকায় বিষয়টি এখনো চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
আপনার মতামত লিখুন :