
ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া সতর্ক করে বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসরণ করে ইরান–এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে, তাদের জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমস্যার মুখে পড়তে পারে।
রোববার (১০ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “এখন থেকে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করবে, তারা অবশ্যই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমস্যার মুখোমুখি হবে।”
হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি পরিবহনের বড় একটি অংশ পরিচালিত হয়। এই প্রণালি ঘিরে দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, যা দেশটির অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া–সহ একাধিক দেশও ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ও নীতিগত অবস্থান নিয়েছে।
এসব দেশের অভিযোগ, ইরানের অস্ত্র কর্মসূচি, মানবাধিকার পরিস্থিতি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তার বিষয়গুলো আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করছে। এর আগে উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান সতর্ক করেছিল, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে সহায়তা করবে, তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজও লক্ষ্যবস্তু হতে পারে।
এদিকে হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা চলছে। একইসঙ্গে যুক্তরাজ্য সম্ভাব্য নৌ নিরাপত্তা মিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের হুঁশিয়ারি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে।
আপনার মতামত লিখুন :