
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিতির পর এবার নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে রোববার (১০ মে) নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেওয়া হয়।
তারেক রহমানের পক্ষ থেকে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নবদম্পতির বাসায় গিয়ে উপহার তুলে দেন। এ সময় তিনি তারেক রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তাও পৌঁছে দেন।
এমন আন্তরিকতায় নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের শুভেচ্ছা পাওয়া তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন তারেক রহমান। আকস্মিক এ উপস্থিতিতে অনুষ্ঠানে থাকা অতিথিদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, তখনও বর অনুষ্ঠানস্থলে পৌঁছাননি। এ সময় তারেক রহমান নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান। পরে সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
আজ উপহার পাওয়ার পর নবদম্পতির পরিবার আরও উচ্ছ্বাস প্রকাশ করে। তারা বলেন, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের আনন্দঘন মুহূর্তে অংশ নেওয়া এবং পরে শুভেচ্ছা উপহার পাঠানো একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত।
রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই এটিকে মানুষের সঙ্গে রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ সম্পৃক্ততার একটি উদাহরণ হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :